দীঘিনালায় তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের পর গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ



খাগড়াছড়ি ।। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা গত সোমবার (২৬ আগস্ট ২০১৯) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রাম থেকে নিরাপত্তা বাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের পর ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ মাধ্যমে প্রদত্ত দ্বিতীয় বিবৃতিতে ইউপিডিএফ নেতা অভিযোগ করে বলেন, গতকাল রবিবার দিবাগত রাত ২টায় দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের বাসিন্দা সুমন চাকমার বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেরুং বেতছড়ি (বর্তমানে যুবনাশ্ব পাড়া, পুজগাঙ, পানছড়ি) গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা(৩৮), ইন্দ্রমনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৫০) ও হাসিনসনপুর গ্রামের সুজিতপ্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেলকে(২৬) গ্রেফতার করে নিয়ে যায়। এরপর গতকাল সোমবার সকালে তাদেরকে ঐ গ্রামের পূর্ব দিকে বিনন্দচুগ নামক পাহাড়ে নিয়ে গিয়ে কথিত “গোলাগুলির” নাটক সাজিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে। প্রকৃতপক্ষে সেখানে নিরাপত্তাবাহিনীর সাথে কারোর কোন প্রকার গোলাগুলির ঘটনা সংঘটিত হয়নি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে তিনি তিন ইউপিডিএফ সদস্যকে বিনা অপরাধে গ্রেফতার ও পরে বিচারবহির্ভুতভাবে গুলি করে হত্যার ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান।

বিবৃতিতে অংগ্য মারমা ইউপিডিএফ-এর ওপর বর্বর রাজনৈতিক দমন-পীড়ন বন্ধেরও দাবি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.